৪৮ দলের বিশ্বকাপের সফল সমাপ্তির অপেক্ষায় ফুটবল বিশ্ব। রবিবার নিউ জার্সির মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্তিনা ও স্পেন। লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে রড্রির নেতৃত্বে ইউরোপ সেরা স্পেন। তবে মহারণ শুরুর আগেই দর্শকদের জন্য থাকছে এক বর্ণাঢ্য আয়োজন। ফুটবলের সঙ্গে সঙ্গীত ও বিনোদনের অপূর্ব মেলবন্ধনে জমে উঠবে সমাপ্তি অনুষ্ঠান। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের কাছে এটি শুধু একটি ফাইনাল নয়, বরং এক স্মরণীয় বিনোদন উৎসবও।
প্রি-ম্যাচ অনুষ্ঠান
ফাইনালের কিক-অফের আগে মঞ্চে পারফর্ম করবেন একাধিক আন্তর্জাতিক তারকা। লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড তাঁদের পরিবেশনায় মাতিয়ে তুলবেন দর্শকদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ। যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন গ্র্যামি ও অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। ফিফা বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শির্গির কথায়, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—এই তিন আয়োজক দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়েই সাজানো হয়েছে সমাপ্তি অনুষ্ঠান। ফুটবল, সঙ্গীত ও সংস্কৃতির এই মেলবন্ধনের পরই শুরু হবে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল।
হাফ-টাইমে নতুন ইতিহাস
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে হাফ-টাইম শো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্তিনা-স্পেন ম্যাচের বিরতিতে প্রায় ২৫ মিনিট ধরে চলবে এই বিশেষ অনুষ্ঠান।
মঞ্চে দেখা যাবে ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবারের মতো বিশ্বখ্যাত শিল্পীদের। পাশাপাশি থাকছে কোরিয়ান পপ সেনসেশন বিটিএস-এর পরিবেশনাও। গোটা আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। শুধু বিনোদন নয়, এই অনুষ্ঠানের মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। এই অর্থ বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল প্রশিক্ষণের সুযোগ তৈরিতে ব্যয় করা হবে।
কখন দেখবেন?
বিশ্বকাপের এই জাঁকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠান ভারতীয় দর্শকরাও সরাসরি উপভোগ করতে পারবেন। রবিবার রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী সাংস্কৃতিক আয়োজন, যা চলবে প্রায় দেড় ঘণ্টা। এরপর রাত ১২টা ৩০ মিনিটে রেফারির প্রথম বাঁশির সঙ্গে শুরু হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।
একদিকে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামবে আর্জেন্তিনা, অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বসেরা হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন। তার আগে তারকাখচিত সাংস্কৃতিক অনুষ্ঠান ফুটবলপ্রেমীদের উন্মাদনাকে যে অন্য মাত্রা দেবে, তা বলাই বাহুল্য।







