প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা যেখানে কমানো হয়েছে, সেখানে উল্টে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তা আরও জোরদার করল কেন্দ্র। তাঁকে ওয়াই ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কাকলি ঘোষ দস্তিদারের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নজরে পড়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই এই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
জানা যাচ্ছে, সোমবার থেকেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে। মধ্যমগ্রামে তাঁর বাড়িতে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি বিকেলে মধ্যমগ্রাম-বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠকে যাওয়ার সময়ও তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। একদিকে তৃণমূল ক্ষমতা হারানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমদের নিরাপত্তা এবং কনভয় কমানো হয়েছে, অন্যদিকে হঠাৎ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তা বৃদ্ধি ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই “চার দশকের আনুগত্য” প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কাকলি। লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে তাঁকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপরই প্রকাশ্যে অসন্তোষ উগরে দিতে দেখা যায় তাঁকে।







