কলকাতাক্রাইম

‘পুলিশ অফিসার’ সেজে প্রতারণা! গড়ফায় ধরা পড়ল ভুয়ো এসপি

ঠাটবাট, নীল বাতির গাড়ি, পুলিশের বাইক—সব মিলিয়ে এলাকায় রীতিমতো প্রভাব বিস্তার করে ফেলেছিল রণজয় চট্টোপাধ্যায়। পরিচয় দিয়েছিল নিজেকে অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার হিসেবে। দাবি করত, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সে! এই পরিচয়েই গড়ফার হালতু কালীতলা রোডে সুস্মিতা সেন নামে এক গৃহস্থের কাছ থেকে পাঁচ মাস আগে বাড়ি ভাড়া নেয় রণজয়, সঙ্গে থাকত তার বান্ধবীও।

প্রথম থেকেই সন্দেহ করার তেমন কারণ ছিল না। নীল বাতির গাড়ি, পুলিশের বাইক, আত্মবিশ্বাসী ভঙ্গিমায় কথা—সবই একেবারে ‘মূল্যবান’ পুলিশের ছাপ ফেলে গিয়েছিল এলাকায়। বাড়ি ভাড়া মাসে সাত হাজার টাকা। এমনকি বাড়িওয়ালার এক আত্মীয়কে পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। বলে, চার লক্ষ টাকা দিলেই হবে। বাড়িওয়ালা শেষমেশ পিছিয়ে যান, কিন্তু তখনও কে জানত আসল সত্যি কী!

বুধবার রাতে হঠাৎ পুলিশি অভিযান। ধরা পড়ে রণজয় চট্টোপাধ্যায়—অভিযোগ, সে আদতে পুলিশের কেউ নয়। পুলিশের পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলত সে। আমডাঙা থানায় প্রতারণার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এখন উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য—বাড়ির আট হাজার টাকার বিদ্যুৎ বিল বাকি, জল দেওয়া লোকের প্রায় তিন হাজার টাকা মেটায়নি রণজয়! আর যে পুলিশে চাকরি দেবে বলে দাবি করত, সে এখন নিজেই পুলিশের হেফাজতে!

প্রতারক হলেও অভিনয়ে কিন্তু দারুণ পারদর্শী ছিল রণজয়। তার অভিনয়েই ধোঁকা খেয়েছে গোটা পাড়া!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.