কলকাতারাজনীতি

চোখের চিকিৎসায় বিদেশ যেতে হাই কোর্টে আবেদন অভিষেকের, অনুমতির অপেক্ষায় তৃণমূল নেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া তৃণমূল কংগ্রেস এখন ভাঙনের মুখে। ‘আসল তৃণমূল’ এবং ‘কালীঘাটের তৃণমূল’-এর মধ্যে দলীয় প্রতীককে কেন্দ্র করে টানাপোড়েন চলছেই। এর মধ্যেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তিনি এক সপ্তাহের জন্য বিদেশ সফরের অনুমতি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন।

কয়েক বছর আগে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় তাঁর চোখের নিচে গুরুতর চোট লাগে। এরপর থেকেই চোখের নানা সমস্যায় ভুগছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পর বিদেশেও চিকিৎসা নিতে যেতে হয়েছিল তাঁকে। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। একাধিক মামলায় তাঁর নাম জড়িয়েছে। বিধানসভার সই-কাণ্ড থেকে শুরু করে নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বর্তমানে তিনি সিআইডির নজরদারিতে রয়েছেন। যদিও হাই কোর্টের তরফে তিনি কিছু আইনি সুরক্ষা পেয়েছেন, তবু বিদেশ সফরের ক্ষেত্রে আদালতের বিধিনিষেধ বহাল রয়েছে।

এই পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার আবেদন জানিয়েই ফের আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। এক সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি চাওয়া হয়েছে তাঁর আবেদনে। এখন নজর আদালতের সিদ্ধান্তের দিকে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলটি কার্যত একাধিক অংশে বিভক্ত হয়ে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে নিজেদের ‘আসল’ বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করেছে। সোমবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে তাদের নতুন জাতীয় কর্মসমিতির ঘোষণাও করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও স্থান রাখা হয়নি। দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অরূপ রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.