খেলাধুলা

সেঞ্চুরির উচ্ছ্বাসের মাঝে রাগের আগুন! প্রাক্তন সতীর্থকে ব্যাট হাতে ধাওয়া পৃথ্বীর

প্রত্যাবর্তনের লড়াই চলছে তাঁর। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন, পুরনো দলের বিরুদ্ধে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পৃথ্বী শ। কিন্তু সেই উজ্জ্বল ইনিংসের মধ্যেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা — প্রাক্তন সতীর্থের সঙ্গে মারাত্মক বচসায় জড়িয়ে পড়লেন পৃথ্বী। এমনকি রাগে তিনি ব্যাট হাতে তেড়ে যান প্রতিপক্ষের দিকে! বুধবার পুণের এমসিএ স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে।

ঘটনাটি ঘটে যখন মুম্বইয়ের তরুণ পেসার মুশির খান পৃথ্বীকে আউট করেন। উইকেটের পর মুশিরের আগ্রাসী ‘সেন্ড অফ’ পছন্দ হয়নি মহারাষ্ট্রের ওপেনারের। মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত হয়ে ওঠেন পৃথ্বী। মাঠের মধ্যে গিয়ে মুশিরের দিকে ব্যাট তুলেছিলেন বলে জানা গেছে। এমনকি তিনি নাকি কলার চেপে ধরারও চেষ্টা করেন। তখনই দ্রুত এগিয়ে আসেন সিদ্ধেশ লাড ও আম্পায়াররা, যারা দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এমন ঘটনার পরও পৃথ্বীর পারফরম্যান্স ছিল অসাধারণ। ১৮১ রানের ইনিংসে তিনি যেন প্রমাণ করতে চেয়েছিলেন, নিজের জায়গা হারালেও ক্লাস হারাননি। তবু এই অপ্রত্যাশিত উত্তেজনা তাঁর কামব্যাককে প্রশ্নের মুখে ফেলেছে।

মহারাষ্ট্র অধিনায়ক অঙ্কিত বাওনে অবশ্য ঘটনাকে ছোট করে দেখারই চেষ্টা করেছেন। তিনি বলেন, “এটা শুধু একটা প্র্যাকটিস ম্যাচ। মাঠে উত্তেজনা হতেই পারে। এখন সব ঠিক আছে।” তবে ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে — প্রত্যাবর্তনের পথে থাকা পৃথ্বীর এই আবেগ কি আবারও তাঁর কেরিয়ারে বাধা হয়ে দাঁড়াবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.