উত্তরপ্রদেশের রামপুর জেলায় এক অবাক করা ঘটনায় চাঞ্চল্যের ঝড় উঠেছে। শাহাবাদ তহসিলের পাটওয়াই থানায় নিজের পিসিকেই বিয়ে করল এক যুবক।
সূত্রের খবর, মহিলাটি প্রথমে নিজের ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। তবে তার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। থানার ভেতরেই ওই মহিলা তাঁর ভাইপোকে গলায় মালা পরাতে এবং কপালে সিঁদুর দিতে বলেন। সেখানেই সম্পন্ন হয় বিয়ের অদ্ভুত দৃশ্য।
অভিযোগ, মহিলার স্বামীকে না জানিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল পিসি-ভাইপোর সম্পর্ক। স্থানীয়দের দাবি, মহিলার স্বামী নূরপাল স্ত্রীর এই গোপন সম্পর্কের কথা জানতে পারেন গ্রামের মাধ্যমেই। মুখোমুখি জবাবদিহি চাইলে স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন— তিনি স্বামীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না, বরং ভাইপোর সঙ্গেই থাকতে চান।
ঘটনার মোড় ঘুরে যায় যখন মহিলা থানায় গিয়ে ভাইপোর বিরুদ্ধে মামলা করেন এবং হুমকি দেন— বিয়ে না করলে তাঁকে জেলে পাঠানো হবে। শেষ পর্যন্ত পুলিশি উপস্থিতিতেই সম্পন্ন হয় বিয়ের নাটকীয় পর্ব।
এই চাঞ্চল্যকর ঘটনায় হতবাক মহিলার স্বামী জানান, “আমি আর কোনও ঝামেলায় জড়াতে চাই না। ওরা একসাথে থাকতে চাইলে থাকুক, আমি শান্তিতে জীবন কাটাতে চাই।”
রামপুরের গ্রামে এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আইনগতভাবে এই বিয়ে বৈধ কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।







