পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে অত্যাবশ্যক ওষুধের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রায় ৩০০টিরও বেশি ওষুধের দাম বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, এই নিয়ে ইতিমধ্যেই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA), ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস এবং বাণিজ্য মন্ত্রকের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
যে ওষুধগুলির দাম বাড়তে পারে, তার মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যামোক্সিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামলোডিপিন, অ্যাটোরভাস্ট্যাটিন, ডেক্সামেথাসোন ও অ্যাসকরবিক অ্যাসিডের মতো বহুল ব্যবহৃত ওষুধ। এই ওষুধ তৈরিতে ব্যবহৃত অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (API) এবং বিভিন্ন পেট্রোকেমিক্যাল সলভেন্টের দাম আন্তর্জাতিক বাজারে ব্যাপক বেড়েছে।
বিশেষ করে প্রোপিলিন, অ্যামোনিয়া ও মিথানলের মতো কাঁচামালের মূল্য ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছে ছোট ও মাঝারি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। শিল্পমহলের দাবি, উৎপাদন স্বাভাবিক রাখতে ও বাজারে সরবরাহ বজায় রাখতে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো জরুরি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়তি দাম ফের কমানো হতে পারে বলেই ইঙ্গিত মিলেছে।







