টলিপাড়ার অন্যতম প্রভাবশালী সংগঠন ‘ইমপা’ (ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন)-কে ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। সংগঠনের অভ্যন্তরীণ বৈঠককে কেন্দ্র করে শুক্রবার চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বৈঠক চলাকালীন মানসিক চাপ ও হেনস্থার জেরে অসুস্থ হয়ে পড়েন বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্ত। পরে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ইমপা-র অন্দরে নেতৃত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। সেই আবহেই সংগঠনের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়। অভিযোগ উঠেছে, বৈঠকের মধ্যে পরিচালক অতনু বোস এবং প্রযোজক রতন সাহা পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক অবস্থান নেন এবং তাঁকে সভাপতির পদ ছাড়ার জন্য চাপ দিতে থাকেন।
প্রযোজক শতদীপ সাহার দাবি, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পিয়া সেনগুপ্তের সঙ্গে অত্যন্ত অপমানজনক আচরণ করা হয়। আচমকা তৈরি হওয়া এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই অসুস্থ হয়ে পড়েন পিয়া। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মানসিক চাপের কারণেই তিনি প্যানিক অ্যাটাকের শিকার হন।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন ইমপা সভাপতি। শুক্রবার রাতেই পিয়া সেনগুপ্ত এবং শতদীপ সাহা কলকাতার বৌবাজার থানায় গিয়ে অতনু বোস ও রতন সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর থেকেই টলিউড মহলে জোর চর্চা শুরু হয়েছে। ইমপা-র মতো ঐতিহ্যবাহী সংগঠনের অন্দরে এমন উত্তেজনা এবং তা গড়িয়ে থানা-পুলিশ পর্যন্ত পৌঁছনোয় বিস্মিত চলচ্চিত্র জগতের একাংশ। সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব ও অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।






