সুখবর রাজ্যবাসীর জন্য। অন্যান্য রাজ্যের মতো এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প কার্যকর হবে। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম পর্যায়ে প্রায় ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন। এতদিন যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তারাও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। জুলাই মাস থেকেই সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড।
কী এই আয়ুষ্মান ভারত প্রকল্প?
আয়ুষ্মান ভারত হল কেন্দ্র সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প। ২০১৮ সালে এই প্রকল্প চালু হয়। এর মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলিকে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের সুবিধা দেওয়া হয়।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
* যেসব পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তারা এই সুবিধা পাবেন।
* এক কামরার ঘর বা কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারগুলিও এই প্রকল্পের আওতায় আসবেন।
* বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং তফশিলি জাতি ও জনজাতিভুক্ত (SC/ST) মানুষও এই স্বাস্থ্য পরিষেবা পাবেন।
* ৭০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তাঁদের ক্ষেত্রে আয়ের কোনও সীমাবদ্ধতা নেই।
কারা পাবেন না সুবিধা?
* যেসব পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি, তারা এই প্রকল্পের আওতায় থাকবেন না।
* যাদের নামে বাইক বা চারচাকা গাড়ি রয়েছে, তারা সুবিধা পাবেন না।
* মাছ ধরার নৌকা রয়েছে এমন পরিবারগুলিও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বাদ থাকবেন।







