ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee এবার কলকাতা পুরসভার কাছে সময় চেয়ে চিঠি পাঠালেন। তাঁর সম্পত্তির মূল্যায়ন এবং বাড়ির বেআইনি অংশ ভাঙার নোটিস ঘিরে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে এই আবেদন জানানো হয়েছে।
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, অভিষেককে অতিরিক্ত সময় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি পুর কমিশনারের কাছে পাঠানো হবে। কমিশনারের সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।
উল্লেখ্য, এর আগে বাড়ির বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, “কলকাতা পুরসভায় গিয়ে জানতে চান, কোথায় অবৈধ অংশ রয়েছে।” যদিও এবার তিনি আনুষ্ঠানিকভাবে পুরসভার কাছে সময় চেয়ে আবেদন করলেন।
পুরসভা সূত্রে খবর, অভিষেকের কালীঘাট ও শান্তিনিকেতনের বাড়িতে নোটিস পাঠানো হয়েছিল। অভিযোগ, ওই দুই বাড়িতে অনুমোদন ছাড়াই কিছু নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়াও, ১৮৮এ হরিশ মুখার্জি রোড এবং ১২১ কালীঘাট রোডের বাড়িতেও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। ওই বাড়ির নীচে থাকা ‘অভিষেক হার্ডওয়্যার’ দোকান সংলগ্ন অংশেও নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে। বাড়িটি মূলত অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলে জানা গিয়েছে।
এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুরনিগম ৪০০(১) ধারায় নোটিস জারি করে। নোটিসে সাত দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না করা হলে পুরসভার পক্ষ থেকেই ভাঙার কাজ করা হতে পারে।







