ইবোলা ভাইরাসের বাড়তে থাকা প্রাদুর্ভাবের জেরে সতর্ক ভারত সরকার। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই দেশগুলিতে থাকা ভারতীয়দের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা অনুসরণ করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি কঙ্গো ও উগান্ডায় ইবোলার সংক্রমণকে ‘আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। বিশেষ করে ‘বুন্দিবুগিও’ ভাইরাসের বিস্তার রুখতে সীমান্ত ও বিমানবন্দরে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে ভারতেও সতর্কতা জারি হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্রিনিং ও অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে। জ্বর, বমি, ডায়রিয়া, মাথাব্যথা, অকারণ রক্তপাত বা অতিরিক্ত ক্লান্তির মতো উপসর্গ দেখা গেলে বিশেষ নজরদারির আওতায় আনা হবে যাত্রীদের।







