জেলা

বাংলাদেশি জামাই শাশুড়িকে ‘মা’ পরিচয় দিয়ে হলেন ভারতের নাগরিক! চাঞ্চল্য বাগদায়, তীব্র রাজনৈতিক বিতর্ক

ভোটের মুখে উত্তাল উত্তর ২৪ পরগনা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিতকরণে সক্রিয় প্রশাসন এবং শাসক দল। আর ঠিক সেই আবহেই নতুন করে সামনে এলো বিস্ফোরক অভিযোগ—বাংলাদেশি নাগরিক এক যুবক ভারতের নাগরিকত্ব পেয়ে গেছেন শাশুড়িকে ‘মা’ পরিচয় দিয়ে! ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের অন্তর্গত বার্তা পঞ্চায়েতের বাগি এলাকায়।

অভিযুক্ত ওই যুবকের নাম রিজাউল মন্ডল। তাঁর আসল বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মণ্ডল চেয়ার বানু মন্ডলের মেয়ের সঙ্গে প্রায় ৩০ বছর আগে রেজাউলের বিয়ে হয়। স্ত্রীর দাবি, বিয়ের সময় জানতেন না রিজাউল বাংলাদেশি নাগরিক। দাম্পত্যে সন্তানও হয়েছে। বর্তমানে তাঁরা ভারতেই বসবাস করছেন।

সম্প্রতি রিজাউলের ছেলে ফিরোজ প্রেম করে এক তরুণীকে নিয়ে পালিয়ে যায়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রিজাউল এবং তাঁর ছেলে ফিরোজ দু’জনেই বাংলাদেশি নাগরিক!

এখানেই শেষ নয়—অভিযোগ, রিজাউল নিজের শাশুড়িকে মায়ের পরিচয় দিয়ে ভারতীয় নথিপত্র তৈরি করে ভোটার তালিকায় নিজের নাম তুলেছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন,

“বাগদা ব্লকে এমন কয়েকশো রিজাউল মন্ডল আছে। এরা সবাই তৃণমূলের ভুয়ো ভোটার। এটাই ওদের ভোটব্যাঙ্ক।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, ভোটের আগে এহেন ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.