মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মালা পরিয়ে বরণ করে নেন সন্ন্যাসীরা। সেখানে আয়োজিত বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। পরে ইসকনের গোশালায় গিয়ে বিশেষ পুজোতেও সামিল হন মুখ্যমন্ত্রী। সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি গো-সেবা করেন। জল দিয়ে গোমাতার পা পরিষ্কার করার পাশাপাশি নিজের হাতে খাবারও খাওয়ান তিনি।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মায়াপুর সফরে গেলেন শুভেন্দু অধিকারী। তাঁর এই সফরকে কেন্দ্র করে গতকাল থেকেই মায়াপুরে উৎসবের আবহ তৈরি হয়েছিল। গোটা ইসকন চত্বরজুড়ে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। আজ সকালে কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মায়াপুর পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে প্রথমেই ইসকনের গোশালায় গিয়ে বিশেষ পুজোয় অংশ নেন তিনি। যজ্ঞ সম্পন্ন হওয়ার পর তাঁকে সাষ্টাঙ্গে বিগ্রহ প্রণাম করতেও দেখা যায়। এরপর গো-সেবাতেও অংশ নেন শুভেন্দু অধিকারী।
গোশালার অনুষ্ঠান শেষে চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে রাধামাধবের বিগ্রহ দর্শনের কথা রয়েছে তাঁর। পাশাপাশি, মায়াপুরের সাধু-সন্তদের সঙ্গেও সাক্ষাৎ করে আলাপচারিতা করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ কৃষ্ণ প্রসাদের আয়োজন করেছে মায়াপুর ইসকন কর্তৃপক্ষ। এছাড়াও, ইসকনের তরফে শুভেন্দু অধিকারীকে উপহার হিসেবে একটি গরুর মূর্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।







