দেশ

যোধপুর জেলে আত্মসমর্পণ আশারাম বাপুর, বহাল রইল যাবজ্জীবন সাজা

বৃহস্পতিবার সন্ধ্যায় যোধপুর সেন্ট্রাল জেলে আত্মসমর্পণ করলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। নাবালিকা ধর্ষণ মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে রাজস্থান হাই কোর্ট। বুধবার আদালত নির্দেশ দিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে যোধপুর জেলে আত্মসমর্পণ করতে। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার জেলে পৌঁছন আশারাম।

২০১৩ সালে যোধপুরের একটি আশ্রমে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে আশারামের বিরুদ্ধে। ওই বছরের আগস্ট মাসে ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২০১৮ সালে যোধপুরের পকসো আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের সাজা দেয়। তারপর থেকেই যোধপুর জেলেই বন্দি ছিলেন তিনি।

পরবর্তীতে সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন আশারাম। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অন্তর্বর্তী জামিনও পান। আদালত তাঁর জামিনের মেয়াদ ৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। সেই সময় তিনি উত্তরাখণ্ডের আশ্রমে ছিলেন। তবে বুধবার রাজস্থান হাই কোর্টের যোধপুর বেঞ্চ তাঁর আপিল খারিজ করে দেয় এবং দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেয়।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় যোধপুর জেলে আত্মসমর্পণ করেন ৮৫ বছরের আশারাম বাপু। ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেও তাঁর অনুগামীর সংখ্যা এখনও কম নয়। জেলে যাওয়ার সময় গাড়ির ভিতর থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা ও আশীর্বাদ দিতেও দেখা যায় তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.