সরকারবিরোধী আন্দোলনে অংশ নিলেই কি বন্ধ হয়ে যাবে সরকারি চাকরির দরজা? উত্তরপ্রদেশে সরকারি চাকরিপ্রার্থীদের চরিত্র যাচাই নিয়ে নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের এই পদক্ষেপে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অতীত কার্যকলাপ আরও খুঁটিয়ে যাচাই করার কথা বলা হয়েছে। অন্যদিকে, বিরোধীদের প্রশ্ন, এই নিয়মের ফলে গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার কি সংকুচিত হবে?
উত্তরপ্রদেশ সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের বিভিন্ন সরকারি দফতর, কর্পোরেশন, কাউন্সিল এবং স্থানীয় প্রশাসনে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাই করা হবে। বিশেষ করে নির্দিষ্ট ধরনের হিংসাত্মক কার্যকলাপে যুক্ত থাকার তথ্য পাওয়া গেলে তা নিয়োগের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে সরকারি চাকরির জন্য অযোগ্য ঘোষণা করা যাবে না বলে নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে।
৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই
নির্দেশ অনুযায়ী, আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে জেলা পুলিশ এবং স্থানীয় গোয়েন্দা শাখাকে চরিত্র যাচাইয়ের রিপোর্ট জমা দিতে হবে। প্রয়োজনে আবেদনকারীর বাড়িতে গিয়ে যাচাই করা হবে। সেই সময় প্রার্থীর উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। রিপোর্ট জমা দিতে দেরি হলে বিষয়টি স্বরাষ্ট্র দফতরের নজরদারিতে থাকবে।
তবে কোনও প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া বা তদন্ত চলার অর্থই তাঁকে চাকরির জন্য অযোগ্য ঘোষণা করা নয়। সংশ্লিষ্ট পরিস্থিতি ও অন্যান্য তথ্য বিবেচনা করার কথা বলা হয়েছে নির্দেশিকায়।
আগের তিন বছরের কার্যকলাপেও নজর
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ২১ বছর বয়স পূর্ণ হওয়ার পর যাচাইয়ের আগের তিন বছরের মধ্যে কোনও ব্যক্তি নির্দিষ্ট ধরনের কার্যকলাপে যুক্ত থাকলে তাঁর বর্তমান অবস্থান খতিয়ে দেখা হতে পারে। তবে ওই সময়ের মধ্যে আচরণে ইতিবাচক পরিবর্তনের নির্দিষ্ট প্রমাণ থাকলে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগও রয়েছে।
‘প্রতিবাদ করার অধিকার রয়েছে’, সরব বিরোধীরা
এই নির্দেশিকার কড়া সমালোচনা করেছে সমাজবাদী পার্টি। দলের এক মুখপাত্রের বক্তব্য, স্বাধীন দেশে নাগরিকদের বিক্ষোভ ও প্রতিবাদ করার অধিকার রয়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় অংশ নেওয়াও গণতন্ত্রের অঙ্গ। তাই এই ধরনের নির্দেশিকা নাগরিক অধিকার নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে বলে দাবি বিরোধীদের।
এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ মেনে এই নির্দেশিকা জারি হয়েছে বলে জানানো হয়েছে। তবে শান্তিপূর্ণ আন্দোলন এবং হিংসাত্মক কার্যকলাপের মধ্যে পার্থক্য কীভাবে নির্ধারণ করা হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নতুন নিয়মের প্রয়োগে কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







