বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে একের পর এক পরিচয়পত্র তৈরি, ফ্ল্যাট কেনা, ভোটার হওয়া এখন যেন মামুলি ব্যাপার! কিন্তু এবার সেই অনুপ্রবেশকারীরাই পৌঁছে গেলেন বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে! উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন যিনি, পরে জানা গেল—তিনি আদতে বাংলাদেশি নাগরিক! নাম শান্ত ভৌমিক ওরফে সায়ন।
শিলিগুড়ির লেকটাউনে ফ্ল্যাট কিনে বসবাস, এলাকায় ‘শান ভৌমিক’ নামে পরিচিতি, আধার-প্যান-ভোটার আইডি—সব কিছু ছিল তাঁর ঝুলিতে। অথচ চুক্তির ভিত্তিতে নেওয়া ফ্ল্যাটের কোনও রেজিস্ট্রি হয়নি, সন্দেহের শুরু সেখান থেকেই। অভিযোগ পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। জাল নথিতে চাকরি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয়কে ইমেল পাঠিয়ে নিজেই চাকরি ছেড়ে দেন শান্ত। এবং জানান—তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন!
বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত জানান, “৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। দেখা না করে ইমেল করে জানিয়ে দেন চাকরি ছাড়ছেন।”
তবে প্রশ্ন একটাই—জাল পরিচয়ে কীভাবে তৈরি হল আধার, ভোটার কার্ড? কীভাবে তাঁর নিয়োগ হল বিশ্ববিদ্যালয়ে? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, “বাংলা এখন অনুপ্রবেশকারীদের নাগরিক বানানোর কারখানা হয়ে উঠেছে।”
শান্ত এখন বেপাত্তা। সোশ্যাল মিডিয়ার সমস্ত প্রোফাইল ডিলিট করে, ফোন সুইচড অফ করে গা-ঢাকা দিয়েছেন তিনি।
এ কি শুধুই এক অনুপ্রবেশকারীর গল্প? না কি এর নেপথ্যে রয়েছে বড় কোনও চক্র? তদন্তের দাবি তুলছেন এলাকাবাসী থেকে রাজনীতিকরা। উত্তর একটাই—চুপ করে বসে থাকলে আরও অনেক ‘শান্ত’ হয়তো আজও তৈরি হচ্ছে…






