রাজ্য

বক্সায় বাঘ ফেরানোর পরিকল্পনা, সরছে কোর এলাকার জনবসতি

বক্সায় ফের বাঘ আনার পরিকল্পনা ঘিরে বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। বাঘের নিরাপদ আবাস গড়ে তুলতে বক্সা টাইগার রিজার্ভের কোর এলাকা থেকে সরিয়ে দেওয়া হতে পারে বহু পুরনো বনগ্রাম ‘জয়ন্তী’। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

এর আগেও বক্সা টাইগার রিজার্ভের কোর এলাকা থেকে গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তি নামে দুটি বনগ্রাম সরিয়ে কালচিনির ভাটপাড়া চা বাগান সংলগ্ন এলাকায় পুনর্বাসন দেওয়া হয়েছিল। সেখানে তৈরি হয়েছে নতুন গ্রাম ‘বনছায়া’। এবার সেই বনছায়া গ্রামের পাশেই জয়ন্তীর বাসিন্দাদের পুনর্বাসনের জন্য জমি প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশও।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, বনছায়া গ্রামের সংলগ্ন এলাকায় প্রশাসনের নির্দেশে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সেখানে পরিকাঠামো গড়ে তোলার কাজও চলছে।

উল্লেখযোগ্যভাবে, আগের পুনর্বাসন প্রক্রিয়ায় গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তির প্রতিটি পরিবারকে ১৫ লক্ষ টাকা এবং ৮ ডেসিমেল করে জমি দেওয়া হয়েছিল। বর্তমানে বনছায়া গ্রামে ওই দুই বনবস্তির মোট ২৪২টি পরিবার বসবাস করছে। এরপর জয়ন্তী গ্রামের বাসিন্দারাও বনগ্রাম সরানোর পক্ষে মত দেন। প্রায় এক বছর আগে হওয়া মতামত সংগ্রহে জয়ন্তীর ৭১৭ জন ভোটারের মধ্যে ৬৯০ জন পুনর্বাসনের পক্ষে সম্মতি জানান।

সম্প্রতি কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক বক্সা টাইগার রিজার্ভে ফের বাঘ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই জয়ন্তী বনগ্রামকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়ন্তী বনগ্রাম ব্রিটিশ আমল থেকেই গড়ে ওঠা একটি বনবসতি। স্থানীয় পঞ্চায়েত সদস্য লালন মাহাতো বলেন, এলাকায় কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা বা পর্যটনের পর্যাপ্ত সুযোগ নেই। উপরন্তু জয়ন্তী নদীর ভাঙনও উদ্বেগ বাড়াচ্ছে। তাই সরকারি সহায়তায় অন্যত্র চলে যাওয়াই অনেকের কাছে ভালো বিকল্প বলে মনে হয়েছে।

যদিও গোটা বিষয়টি নিয়ে বনদফতরের কর্তারা এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.