এবার কামারহাটিতে তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে যুক্ত ‘উদয় ভিলা’য় পৌঁছল পুলিশ। রবিবার দুপুরে বারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল সেখানে তল্লাশি চালায়। রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক দুর্নীতি ও ভোট-পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের বিভিন্ন নেতা-নেত্রীর বিরুদ্ধে তদন্ত জোরদার হয়েছে। একইসঙ্গে বিধায়কদের সই-সংক্রান্ত অভিযোগের তদন্তও শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকজন তৃণমূল বিধায়কের বাড়িতে তদন্তকারী সংস্থার আধিকারিকরা গিয়েছেন। সেই পরিস্থিতিতে মদন মিত্রের সঙ্গে যুক্ত এই ঠিকানায় পুলিশের উপস্থিতি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে অভিযান চালানো হয়। প্রথমে বাড়িটি তালাবন্ধ থাকায় কিছুটা সময় অপেক্ষা করতে হয়। পরে পুলিশ ভিতরে প্রবেশ করে তল্লাশি চালায়। জানা গিয়েছে, ‘উদয় ভিলা’ নামের ওই বাড়িতেই একটি দলীয় কার্যালয়ও রয়েছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যে জমির উপর বাড়িটি নির্মিত হয়েছে বলে অভিযোগ, সেটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হতে পারে। ওই জায়গায় মহিলাদের স্বনির্ভরতার বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচি পরিচালিত হওয়ার কথা ছিল। অভিযোগ, ২০১১ সালের পর থেকে জমিটি দখল হয়ে যায় এবং সেখানে বেআইনি কার্যকলাপও চলত। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি।
রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছয়। সেই সময় মদন মিত্র সেখানে উপস্থিত ছিলেন না। তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি দক্ষিণ কলকাতার বাসভবনে ছিলেন এবং বিকেলে দলনেত্রীর ডাকা বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ফলে পুলিশের এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
সূত্রের খবর, ‘উদয় ভিলা’ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে বাড়িটির প্রকৃত মালিকানা এবং তদন্তের পরবর্তী দিক সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।







