রাজ্য

আজই সম্প্রসারিত হচ্ছে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা, শপথ নেবেন ৩৫ নতুন মন্ত্রী! কারা পাচ্ছেন জায়গা?

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সম্প্রসারিত হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা। রবিবার সমাজমাধ্যমে নিজেই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর পোস্ট অনুযায়ী, সোমবার সকাল ১১টায় লোকভবনে রাজ্যপাল আর. এন. রবির উপস্থিতিতে শপথ নেবেন ৩৫ জন নতুন মন্ত্রী।

সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন তাপস রায়, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, দীপক বর্মন, কলিতা মাজি, বিশাল লামা, মৌমিতা বিশ্বাস মিশ্র, জোয়েল মূর্মূ, জগন্নাথ চট্টোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, পূর্ণিমা চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, গার্গী ঘোষ দাস, মালতী রাভা রায় এবং অশোক দিন্দা-সহ একাধিক নেতা-নেত্রী। ইতিমধ্যেই তাঁদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নতুন ৩৫ জনের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। যদিও কোন মন্ত্রীর হাতে কোন দফতরের দায়িত্ব যাবে, তা পরে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের সময় তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। ফলে বর্তমানে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬। সোমবারের শপথগ্রহণের পর সেই সংখ্যা বেড়ে হবে ৪১।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। সেই হিসেবে এখনও তিনটি মন্ত্রিপদ খালি থাকবে, যা ভবিষ্যতে প্রয়োজনে পূরণ করতে পারবেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক মহলে এই মন্ত্রিসভা সম্প্রসারণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক দিল্লি সফর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং রাজ্যপালের সঙ্গে তাঁর সাক্ষাতের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা তুঙ্গে উঠেছিল। সোমবার সেই জল্পনারই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.