দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার জীবনতলা থানার ঝোড়রমোড় এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সেখানে পাঁচজন ধৃত অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় এলাকাটি কার্যত কড়া নিরাপত্তার বলয়ে ঘেরা।
উল্লেখ্য, ২০১৮ সালে ভবনটি ‘কর্মতীর্থ’ কেন্দ্র হিসেবে নির্মিত হয়েছিল। পরে করোনা মহামারীর সময় এটি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর রাজ্য সরকারের নির্দেশে ভবনটিকে হোল্ডিং সেন্টারে রূপান্তর করা হয়েছে। চারপাশে উঁচু পাঁচিল, কাঁটাতারের বেড়া, ২৪ ঘণ্টার সিসিটিভি নজরদারি এবং পুলিশি পাহারা নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি ঘুটিয়ারি শরিফ, মল্লিকপুর ও সোনারপুর এলাকা থেকে আটক পাঁচজনকে এখানে রাখা হয়েছে। তাঁদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। ক্যানিংয়ের মহকুমা শাসক প্রবীণ মালিয়াল জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বাকি পরিকাঠামোগত কাজ দ্রুত সম্পন্ন হবে।
ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।







