নিজস্ব সংবাদদাত: ‘মোদীর পিছনে কাঠি দিলে উদ্ধব ঠাকরে হবে, নীতিশ কুমার হবে, মুলায়াম হবে। বাকি শেষে মমতার হবে।’ এহেন মন্তব্যই করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে বাঁকুড়া শহরের মাচানতলায় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপের উবাচ, ‘আমরা সমাজের সঙ্গে আছি। ‘যারা পিছনে লাগবে আজ হোক বা কাল হয় ভগবান নাহলে সিবিআই নিয়ে যাবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, নবান্নে যখন নীতীশ কুমার আসেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রস্তাব দিয়েছিলেন বিহারে বিরোধী দলগুলির একটি ডাকার। সেই প্রস্তাবকে স্বীকৃতি দিয়ে পাটনায় এবার বিরোধী দলগুলির একটি বৈঠকের ডাক দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।
কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরবর্তীতেই বিরোধীদের বৈঠক হতে পারে, এমনটাই সূত্রের খবর। চলতি মাসের ১৭ বা ১৮ তারিখে পাটনায় বৈঠকের সম্ভাবনা রয়েছে।
দিলীপের সংযোজন, ‘একটা সময় জঙ্গল মহলের মানুষ বাঘ, হাতির সঙ্গে লড়াই করে বেঁচে ছিল। এখন তার চেয়েও ভয়ঙ্কর তৃণমূল। এখানকার মানুষ ঐসব শিংওয়ালা, নখওয়ালা, দাঁতওয়ালাদের সঙ্গে লড়াই করে টিকে আছে, আর এরা কোথাকার কে! এরা তো চোর ডাকাত!’







