কথায় আছে মাছে ভাতে বাঙালি। আর মাছের মধ্যে বাঙালিদের সব থেকে প্রিয় হচ্ছে ইলিশ। কাঁটার পরিমাণ বেশি হলেও এই মাছ স্বাদে গন্ধে ভরপুর। আর একমাস বাকি বাঙালির দুর্গাপুজোয়। আর এই উৎসবে পাতে যদি এক টুকরো ইলিশ থাকে তাহলে তো সোনায় সোহাগা।
এবার ইলিশ প্রেমীদের জন্য রয়েছে সুখবর। পুজোর আগেই ভারতের বিভিন্ন রাজ্যের বাজারে ঢুকবে বাংলাদেশী পদ্মার ইলিশ। গত বৃহস্পতিবার একটি বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, এবছর ভারতে ৫০০০ টন ইলিশ রপ্তানি করা হবে।
অর্থাৎ উৎসবের মরশুমে ভারতের প্রত্যেকটা রাজ্যের বাজার ছেয়ে থাকবে পদ্মার রুপোলি ইলিশে। সূত্রের খবর, এবছর বাংলাদেশেও ইলিশের উৎপাদন কম। তা সত্বেও এই বিশাল পরিমাণ মাছের রপ্তানি কেন? প্রশ্নের উত্তরে বাংলাদেশের সরকার জানায়, মূলত ভারতকে উৎসবে উপহার দিতেই বাংলাদেশের ১০০-র বেশি মত্স্য রপ্তানিকারক এই বিষয়ে আবেদনপত্র জমা দিয়েছে।







