রাজ্য

রথযাত্রার আগে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা — হোটেল ভাড়ায় লাগাম, নিয়মভঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা!

আসন্ন রথযাত্রায় দিঘা ভরে উঠবে লক্ষাধিক মানুষের ভিড়ে। সেই ভিড়ের সুযোগে হোটেল ভাড়ায় কালোবাজারি আটকাতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা — নিয়ম ভাঙলেই এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা! শুধু জরিমানা নয়, হোটেলের অনুমোদন বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার মতো পদক্ষেপও নিতে প্রস্তুত জেলা প্রশাসন।

রথযাত্রা উপলক্ষে দিঘার সার্বিক প্রস্তুতি নিয়ে নিউ দিঘার জাহাজবাড়িতে বৈঠকে বসেন প্রশাসন ও হোটেল মালিক সংগঠনগুলি। নির্দেশ দেওয়া হয়েছে — প্রতিটি হোটেলে ঘরের ভাড়ার তালিকা স্পষ্টভাবে টাঙানো বাধ্যতামূলক। পাশাপাশি, চালু করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর, যেখানে পর্যটকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

জেলা শাসকের সাফ বার্তা — “অতিরিক্ত ভাড়া আদায় করলেই কড়া শাস্তি। দোষ প্রমাণিত হলে রেহাই নেই।” প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দিঘা প্রগ্রেসিভ হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনও। সংগঠনের সভাপতি দেবব্রত দাস জানিয়েছেন, “আমরা নিয়ম মানছি। যারা বাইরে থেকে এসে কালোবাজারি করছে, তারাই দিঘার বদনাম করছে।”

দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির ঘিরে পর্যটনের গতি যে বহুগুণে বাড়বে, তা বলাই বাহুল্য। আর তাই মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ — পর্যটকদের অভিজ্ঞতা হতে হবে স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। প্রশাসনের কড়া নজরদারিতে এবার রথযাত্রায় দীঘা হয়ে উঠতে চলেছে পর্যটনশৃঙ্খলার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.