২১তম আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠান এ বছর অনুষ্ঠিত হবে কলকাতায়। এই বিশেষ আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে শুধু দেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এই অনুষ্ঠানের দিকে নজর থাকবে।
এই বৃহৎ কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে শীঘ্রই কলকাতায় আসছেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় শহরে পৌঁছেছেন কেন্দ্রীয় আয়ুষ সচিব রাজেশ কোটেচা। মঙ্গলবার নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। তার আগে আয়ুষ মন্ত্রক ও মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগার একটি প্রতিনিধি দল কলকাতায় এসে বিভিন্ন সম্ভাব্য অনুষ্ঠানস্থল, যেমন রেড রোড ও নেতাজি ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেছে। রাজ্যের আয়ুর্বেদ অধিকর্তা ডা. দেবাশিস ঘোষের নেতৃত্বে এই পরিদর্শন হয়। দলে ছিলেন আয়ুষ মন্ত্রকের অধিকর্তা অমরেন্দ্র সিং, মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগার অধিকর্তা ড. কাশীনাথ সমাগান্ধী এবং গবেষণা আধিকারিক ডা. রামনারায়ণ মিশ্রসহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রী ছাড়াও বহু ভিভিআইপি ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে নিয়মিত নবান্নের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
সম্প্রতি মহারাষ্ট্রের লোনাভালার কৈবল্যধামে ‘ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী। সেই সফরেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা ‘যোগা ফর হেলদি এজিং’। তাঁর মতে, ভারতে প্রবীণদের কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতির আকার বর্তমানে প্রায় ৭৩ হাজার কোটি টাকা এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে। সুস্থ ও সক্রিয় জীবনযাপনের জন্য প্রবীণদের কাছে যোগ একটি কার্যকর মাধ্যম বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী মোদির উদ্যোগে যোগচর্চাকে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করার কাজ এগিয়েছে। ২০১৪ সালে যোগ নিয়ে যেখানে ১৮৩টি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল, ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২০৭-এ। সাধারণ মানুষের মধ্যে যোগকে আরও জনপ্রিয় করে তুলতে ‘যোগ ৩৬৫’ এবং ‘যোগ সমাবেশ’ নামে বিশেষ প্রকল্পও চালু করেছে আয়ুষ মন্ত্রক। পাশাপাশি অসংক্রামক রোগ মোকাবিলায় ১০টি বিশেষ যোগ-প্রোটোকল তৈরি করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর মতে, আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে রাজ্যের আয়ুষ ক্ষেত্রের নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। নতুন যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় বৃহৎ পরিসরে যোগ দিবস পালনের ইঙ্গিত দিয়েছিলেন। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রীর বক্তব্যে সেই সম্ভাবনাই আরও জোরালো হল।







