রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ১ লক্ষ ২৪ হাজার সিভিক ভলান্টিয়ারের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, নতুন সরকার ইতিমধ্যেই চুক্তিভিত্তিক এই কর্মীদের ভূমিকা, কার্যকারিতা এবং ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত পর্যালোচনা শুরু করেছে।
তৃণমূল সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তার জন্য ধাপে ধাপে বিপুল সংখ্যক সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই তাঁদের স্থায়ীকরণের দাবি থাকলেও সেই দাবি পূরণ হয়নি। ক্ষমতার পরিবর্তনের পর তাঁদের চাকরি বহাল থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পুলিশ প্রশাসনের একাংশের মতে, আইনশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের উপর নির্ভরতা কমিয়ে স্থায়ী কনস্টেবল ও অফিসার নিয়োগ করা প্রয়োজন। এতে বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।
তবে ১ লক্ষ ২৪ হাজার পরিবারের জীবিকা জড়িয়ে থাকায় সরকার কোনও তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চাইছে না। প্রশাসনিক সূত্রের দাবি, সিভিক ভলান্টিয়ারদের পুনর্মূল্যায়ন, স্ক্রিনিং কিংবা অন্য সরকারি কাজে পুনর্বিন্যাসের মতো সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সবদিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে।







