কালিয়াগঞ্জ থানার পুলিশ হরিয়ানা থেকে উদ্ধার করল অপহৃত নাবালিকাকে। পুলিশ গ্রেপ্তার করে অপহরণে অভিযুক্ত এক তরুণকে। ওই তরুণের বিরুদ্ধে রয়েছে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। কালিয়াগঞ্জর ওই নাবালিকা কে প্রেমের ফাঁদে ফেলে ওই তরুণ।
নাবালিকার বাবার অভিযোগ, ‘আমার মেয়েকে স্কুল যাওয়ার পথে অপহরণ করে ওই তরুণ।সেদিন মেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় স্বর্ণালংকার ও ৩৫ ভরি রুপার অলংকার নিয়ে যায়। গ্রামের সরল মেয়েদের ফুঁসলিয়ে বিয়ে করে শ্বশুরবাড়ির সম্পত্তি গ্রাস করাই তরুণের একমাত্র উদ্দেশ্য।’
গত ১৭ মার্চ নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তরুণ ও নাবালিকার তল্লাশি শুরু করে। তল্লাশি চালিয়ে পুলিশ তাদের সন্ধান পায় হরিয়ানায়। এরপরই হরিয়ানা পুলিশ দুজনকে আটক করে এবং নাবালিকাকে হোমে পাঠায়।বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানার পুলিশ ওই নাবালিকা ও তরুণকে হরিয়ানা থেকে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে।কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জানান, নাবালিকাকে কোর্টে তোলা হবে গোপন জবানবন্দীর জন্য এবং তরুণকে কোর্টে পাঠানো হয়েছে।







