জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা গ্রহ হিসেবে মানা হয়। তাই শনির রাশি পরিবর্তন বা গতির বদলকে ঘিরে সবসময়ই বাড়তি আগ্রহ থাকে। এবার আগামী ২৭ জুলাই থেকে মীন রাশিতে বক্রী বা উল্টো গতিতে চলতে শুরু করবে শনি। এই অবস্থান চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। জ্যোতিষীদের মতে, এই কয়েক মাস কিছু রাশির জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
বিশেষ করে বৃষ, সিংহ, কন্যা, ধনু ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা বেশ কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। কারও আর্থিক পরিস্থিতিতে টান পড়তে পারে, আবার কারও পারিবারিক জীবনে বাড়তে পারে অশান্তি। কর্মক্ষেত্রেও চাপ ও বাধা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশির ক্ষেত্রে ব্যবসায় ক্ষতি বা অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা যাচ্ছে। সিংহ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য ও দুর্ঘটনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। কন্যা রাশির জাতকদের দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে সমস্যা বাড়তে পারে। ধনু রাশির জাতকদের মানসিক উদ্বেগ ও পারিবারিক জটিলতা বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলছে। অন্যদিকে, কুম্ভ রাশির জাতকদের সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়া বা পুরনো পারিবারিক বিবাদ ফের সামনে আসার সম্ভাবনা রয়েছে।
তবে জ্যোতিষশাস্ত্রে কিছু প্রতিকারের কথাও বলা হয়েছে। শনির কুপ্রভাব কমাতে নিয়মিত শনি চালিসা ও হনুমান চালিসা পাঠ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া শনিবার শনিদেবের মন্দিরে সর্ষের তেল অর্পণ, ‘ওঁ শাম শনৈশ্চরায় নমঃ’ মন্ত্র জপ এবং দরিদ্রদের কালো তিল বা কালো জুতো দান করলে শুভ ফল মিলতে পারে বলেও মত জ্যোতিষবিদদের।







