কলকাতা মেডিক্যাল কলেজের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে নর্থ পোর্ট থানা এলাকার গোলাবাড়ি ঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যান সোহম বসাক নামে ওই ছাত্র। জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের দুই ছাত্র একসঙ্গে ঘাটে গিয়েছিলেন। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে কিছুক্ষণ পর সোহমের দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্নান করতে নেমেই দুর্ঘটনার শিকার হন তিনি।
এদিকে, সম্প্রতি কলকাতার এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাও রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছে। বাঁশদ্রোণীর মহাঋষি বিদ্যামন্দিরের তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ কুমার নাথ অসুস্থ হয়ে পড়ার পরও স্কুল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের। পরবর্তীতে মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। টানা ১১ দিন কোমায় থাকার পর গত ২৪ মে তার মৃত্যু হয়। ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। সেই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, উত্তেজনা এবং পুলিশি হস্তক্ষেপও দেখা যায় স্কুল চত্বরে।







