ফরিদাবাদের একটি বেসরকারি স্কুলে একাদশ শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্য। অভিযোগ, প্রায় চার ঘণ্টা ক্লাসরুমের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল ওই ছাত্রীকে। এরপরই স্কুলের তিনতলা থেকে পড়ে তার মৃত্যু হয়। যদিও শাস্তি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার গাজিপুর রোডের একটি বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
পরিবারের দাবি, ক্লাসে কয়েকজন ছাত্রীর মধ্যে বিরিয়ানি খাওয়া নিয়ে বচসা চলছিল। তাঁদের বক্তব্য, সেই ঘটনায় তাঁদের মেয়ের কোনও ভূমিকা ছিল না। তা সত্ত্বেও তাঁকে দীর্ঘ সময় ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
ছাত্রীর বাবার অভিযোগ, স্কুলের বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য শিক্ষিকার অনুমতি নেয়নি তাঁর মেয়ে। পরে স্কুলে ফিরে আসার পর তাঁকে শাস্তি দেওয়া হয়। পরিবারের দাবি, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল।
তবে পরিবারের এই অভিযোগ মানছে না স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রিন্সিপালের দাবি, ছাত্রীকে শাস্তি দিয়ে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখার বিষয়টি ঠিক নয়। তাঁর বক্তব্য, ওয়াশরুমে যাওয়ার অনুমতি নিয়ে ক্লাস থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। পরে কীভাবে সে স্কুলের তিনতলায় পৌঁছল, সেটিই এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।
ঘটনার পর ছাত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছে পুলিশ। ক্লাসরুম থেকে তিনতলায় পৌঁছনোর মধ্যে ঠিক কী ঘটেছিল, সেই সময় ছাত্রীটির সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না এবং মৃত্যুর আগে তাঁর মানসিক অবস্থাই বা কেমন ছিল—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের অভিযোগ এবং স্কুল কর্তৃপক্ষের বক্তব্যের মধ্যে যে পার্থক্য রয়েছে, তদন্তের পরেই তার আসল কারণ স্পষ্ট হবে। আপাতত মর্মান্তিক এই ঘটনায় এক কিশোরীর মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।







