জেলা

সাতসকালে রিষড়ায় ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, হুন্ডি–হাওয়ালা লেনদেনের অভিযোগে তল্লাশি

সাতসকালে রিষড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার ভোরে হুগলির রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর লক্ষ্মীপল্লি থার্ড লেনের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, হুন্ডি বা হাওয়ালার মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে ওই অভিযান।

ইডি সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি। যে বাড়িতে অভিযান চালানো হয়, সেখানকার বাসিন্দা কৈলাশকুমার বর্মা। স্থানীয় সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে হুন্ডি কারবারের সঙ্গে যুক্ত। যদিও এই বিষয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত মন্তব্য করেনি ইডি।

এলাকাবাসীদের দাবি, কৈলাশকুমার বর্মার পরিবার দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বসবাস করলেও প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বিশেষ মেলামেশা নেই। তাঁর দুই পুত্র রয়েছে। পাড়ার বাসিন্দাদের অনেকেই জানান, পরিবারের সদস্যদের খুব কমই বাইরে দেখা যায়। তাঁদের পেশা বা ব্যবসা সম্পর্কে স্থানীয়দের কাছে স্পষ্ট ধারণাও নেই। তবে মাঝেমধ্যে হুন্ডি কারবার সংক্রান্ত নানা গুঞ্জন শোনা গিয়েছে বলেও দাবি করেন কয়েকজন।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বুধবার সকালে তিনটি গাড়িতে করে মোট পাঁচ জন ইডি আধিকারিক এবং ছয় জন সিআইএসএফ জওয়ান ওই বাড়িতে প্রবেশ করেন। সকাল থেকে শুরু হওয়া তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে অন্তত সকাল ১০টা পর্যন্ত। বাড়ির বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয় বলে জানা যাচ্ছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “ওঁরা খুবই আত্মকেন্দ্রিক। চায়ের দোকানে মাঝে মধ্যে দেখা হলেও তেমন কথা বলেন না।” এদিকে, এই অভিযানের পর লক্ষ্মীপল্লি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে ইডির তরফে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.