রেশন ব্যবস্থার মানোন্নয়নের আশ্বাসের মাঝেই গোপালনগরে রেশনের গম নিয়ে উঠল গুরুতর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, রেশন দোকান থেকে বিতরণ করা গমের মধ্যে বালি, পাথরের টুকরো এবং সিমেন্টের গুঁড়ো মেশানো ছিল। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানার অন্তর্গত চাকদহ রোডের চালকী বাজার এলাকার একটি রেশন দোকান থেকে গম সংগ্রহ করতে এসে গ্রাহকেরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। অভিযোগ, গমের মান অত্যন্ত খারাপ হওয়ায় তা নিতে আপত্তি জানান অনেকেই। এরপর রেশন গ্রাহক ও দোকানের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়।
বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, অভিযোগ জানানো হলেও তাঁদের বক্তব্য গুরুত্ব দেওয়া হয়নি। বরং কেন্দ্র থেকে যে গম পাঠানো হয়েছে, সেটিই গ্রহণ করতে হবে বলে জানানো হয়। এর জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং রেশন দোকানের সামনে বিক্ষোভ শুরু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে খাদ্য দফতরের আধিকারিকেরাও সেখানে যান এবং পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট রেশন ডিলার। তাঁর দাবি, কোনও ইচ্ছাকৃত অনিয়ম হয়নি। কর্মচারীর ভুলের কারণেই ওই গম বিতরণ করা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রেশনের খাদ্যসামগ্রীর মান উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, নিম্নমানের খাদ্যশস্য বিতরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষের কাছে উন্নতমানের খাদ্য পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সেই প্রেক্ষাপটে গোপালনগরের এই অভিযোগ নতুন করে রেশন ব্যবস্থার গুণমান নিয়ে প্রশ্ন তুলে দিল।
এখন তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার।







