ট্রেনের সংখ্যা না বাড়িয়ে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন নিত্যযাত্রীরা। তার জেরেই মঙ্গলবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে ব্যাপক ট্রেন চলাচল ব্যাহত হয়। অফিস টাইমের ব্যস্ত সময়ে হোটর স্টেশনে রেল অবরোধে সামিল হন একাংশ যাত্রী। শুধু হোটর নয়, দক্ষিণ দুর্গাপুর, কল্যাণপুর-সহ আরও কয়েকটি স্টেশনেও বিক্ষোভ ও অবরোধের খবর পাওয়া যায়। ফলে ডায়মন্ড হারবার শাখার বিভিন্ন স্টেশনে একের পর এক লোকাল ট্রেন আটকে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।
বিক্ষোভকারীদের অভিযোগ, যাত্রীসংখ্যা ক্রমাগত বাড়লেও শিয়ালদহ দক্ষিণ শাখায় বিশেষ করে অফিসের ব্যস্ত সময়ে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি। তার পরিবর্তে ১২ কামরার লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা ২ থেকে বাড়িয়ে ৩ করা হয়েছে। এতে সাধারণ যাত্রীদের জন্য উপলব্ধ কামরা কমে যাওয়ায় ভিড় আরও বেড়েছে। তাঁদের দাবি, অফিস টাইমে ট্রেনে ওঠা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। পাশাপাশি অতিরিক্ত ভিড়ের কারণে সাম্প্রতিক সময়ে ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনাও বেড়েছে বলে অভিযোগ।
এদিকে অবরোধের জেরে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য যাত্রীরাও। সকালবেলার ব্যস্ত সময়ে বহু যাত্রী রেললাইনে নেমে প্রতিবাদে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ (জিআরপি) ও আরপিএফ। পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন পরিষেবা চালু করার চেষ্টা চলছে। তবে রেলের এই সিদ্ধান্তকে ঘিরে কর্মব্যস্ত দিনে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এক নিত্যযাত্রী বলেন, “ছেলেদের জন্য নির্ধারিত কামরা কমে যাওয়ায় যে সমস্যা হচ্ছে, সেটা অস্বীকার করার উপায় নেই। আমাদের এই লাইনে ট্রেনের মধ্যেও অনেক ব্যবধান থাকে। একটি ট্রেন মিস করলেই অনেকটা দেরি হয়ে যায়। তবে এই গরমে অবরোধ করে শেষ পর্যন্ত সমস্যার সমাধান হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।”







