বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালুর উদ্যোগে সক্রিয় হলেন সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। এই বিষয়ে সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। ডবল ইঞ্জিন সরকারের সহযোগিতায় দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়িত হবে বলেই আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ গঠন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন, বিমান পরিষেবা চালু এবং বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ-সহ একাধিক উন্নয়নমূলক দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছিল। বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়গুলির বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সরকার গঠনের পর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। পাশাপাশি রেল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পগুলিও বাস্তবায়নের পথে এগোচ্ছে।
এবার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ দাবি বিমান পরিষেবা চালুর বিষয়েও কেন্দ্রীয় স্তরে উদ্যোগ নিলেন তিনি। নয়াদিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে বৈঠক করেন ড. মজুমদার। বৈঠকে বালুরঘাট বিমানবন্দরকে কার্যকর করে জেলার সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি।
বৈঠক শেষে সুকান্ত মজুমদার জানান, “বালুরঘাট বিমানবন্দর চালু করার জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকেও পূর্ণ সহযোগিতার আশ্বাস মিলেছে। এতদিন বিমানবন্দরটি রাজ্য সরকারের অধীনে ছিল। বর্তমানে সেটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।”
তিনি আরও জানান, বালুরঘাট থেকে কীভাবে বিমান পরিষেবা চালু করা সম্ভব, তা নিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রয়োজনীয় সমীক্ষা ও পরিকল্পনা করছে। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বালুরঘাটের মাহিনগর এলাকায় প্রায় ৫০ একর জমির উপর অবস্থিত বিমানবন্দরটি। আশির দশকে এখান থেকে শেষবার বিমান চলাচল হয়েছিল। পরবর্তীতে দীর্ঘদিন অচল থাকার পর ২০১৬ সালের শুরুতে বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করে রাজ্যের পূর্ত দপ্তর।







