দেশ

আমদাবাদে রথযাত্রায় বিপত্তি! ডিজের আওয়াজে আতঙ্কে হাতি, আহত বেশ কয়েকজন

দীঘা পুরীর মতোই গোটা দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা। গুজরাতের আমদাবাদে এবছর অনুষ্ঠিত হল ১৪৮তম রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও বিশাল জনসমাগমের মধ্যে পালিত হচ্ছিল উৎসব, তবে এবারের যাত্রায় ঘটে গেল এক বিপজ্জনক দুর্ঘটনা।

রথযাত্রার শোভাযাত্রায় অংশ নেওয়া এক হাতি আচমকা বেপরোয়া আচরণ শুরু করে দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অনুষ্ঠানের সময় বাজানো উচ্চ শব্দের ডিজে মিউজিকে ভয় পেয়ে যায় হাতিটি। আতঙ্কিত হয়ে পড়ে দৌড়ঝাঁপ শুরু করে, আর তার প্রভাবে পাশে থাকা আরও কয়েকটি হাতিও নিয়ন্ত্রণ হারায়।

খাদিয়া ভিস্তার এলাকায় ঘটে এই ঘটনা। উপস্থিত ভক্তদের মধ্যে হঠাৎই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেকাবু হয়ে পড়া ৫ থেকে ৬টি হাতির হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত ভক্তদের অনেকে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেন। এই বিশৃঙ্খলার জেরে অন্তত ৩-৪ জন ভক্ত আহত হন। তবে, সৌভাগ্যবশত কারও অবস্থা আশঙ্কাজনক নয়। আহতরা মূলত হাতিগুলির কাছাকাছি অবস্থান করায় আঘাত পান।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বনদপ্তরের কর্মী এবং হাতিগুলোর প্রশিক্ষকরা (মহওত)। তাঁদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রথযাত্রা সাময়িকভাবে ১৫ মিনিট বন্ধ রাখা হয়। আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠাতে ডাকা হয় ১০৮ নম্বর অ্যাম্বুল্যান্স।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের শুরু হয় রথযাত্রা। বিশৃঙ্খলার সেই মুহূর্ত কাটিয়ে ফের ভক্তরা অংশ নেন শোভাযাত্রায়, তবে ডিজের শব্দ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.