তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙনের জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। রবিবার দিল্লিতে ফের বৈঠকে বসতে চলেছেন দলের তথাকথিত ‘বিদ্রোহী’ সাংসদরা। আগামীকাল লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে তাঁদের। এই আবহে দিল্লিতে পৌঁছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিনেত্রী-সাংসদ Saayoni Ghosh।
দিল্লি বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী বলেন, “সব জেনে যাবেন। যখন বলার সময় আসবে, সব বলে দেব। আপনাদের জবাব দেব না, শুধু নিজের ক্ষেত্রের লোকেদের কাছেই বলব। আমার আওয়াজ সবার কাছেই পৌঁছবে, সঠিক সময়ে।” দলবদল বা NDA-কে সমর্থনের জল্পনা নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও তার সরাসরি উত্তর এড়িয়ে যান তিনি।
এদিকে ‘বিদ্রোহী’ শিবিরের অন্যতম মুখ Kakoli Ghosh Dastidar দাবি করেছেন, তাঁদের শিবিরের শক্তি আরও বাড়ছে। তাঁর কথায়, “আমাদের সংখ্যা ২০ থেকে ২২-এ পৌঁছেছে।” এই দাবিকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
রবিবারের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন সাংসদ Dev, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, জুন মালিয়া ও বাপি হালদারসহ একাধিক সাংসদ। রাজনৈতিক মহলে আলোচনা, বিদ্রোহী শিবিরের সঙ্গে NDA নেতৃত্বের যোগাযোগও ক্রমশ বাড়ছে।
সূত্রের দাবি, গত সপ্তাহে দিল্লিতে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী Bhupender Yadav-এর বাসভবনে বিদ্রোহী সাংসদদের বৈঠক হয়। সেই বৈঠকের পর তৃণমূলের প্রবীণ সাংসদ Sudip Bandyopadhyay-এর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর সাক্ষাৎ নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।
আজকের বৈঠক এবং আগামীকালের সম্ভাব্য স্পিকার সাক্ষাতের পর তৃণমূলের অন্দরের এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







