নিট (NEET) প্রশ্নফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই দেশের ছাত্রছাত্রী ও যুবসমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে নতুন কর্মসূচি ঘোষণা করল কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী ১৭ জুন থেকে দেশব্যাপী এই অভিযান শুরু হতে চলেছে, যা অনেকাংশে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রার আদলে তৈরি হলেও এর মূল ফোকাস শিক্ষাক্ষেত্রের সংকট ও যুবসমাজের সমস্যা।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, রাজস্থানের কোটা থেকে এই কর্মসূচির সূচনা করবেন রাহুল গান্ধী। দেশের অন্যতম বড় কোচিং হাব হিসেবে পরিচিত কোটা থেকেই ছাত্র-যুবদের উদ্দেশে বার্তা দিতে চান তিনি। এরপর ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা এবং ১৪ জুলাই দিল্লিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কংগ্রেস নেতা। সফরকালে ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, শিক্ষাবিদ ও যুবসমাজের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি।
কংগ্রেসের দাবি, নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। দলের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনরায় জোরালো করা হবে। পাশাপাশি নিট পরীক্ষায় প্রশ্নফাঁস রোধ, পরীক্ষার ফি বাতিল এবং এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও তুলছে কংগ্রেস।
এই আন্দোলনকে সফল করতে দলীয় কর্মীদের শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও ক্যাম্পাসে গিয়ে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও জোরদার প্রচার চালানো হবে বলে জানিয়েছে দল।
নিট প্রশ্নফাঁস এবং সিবিএসই-র মূল্যায়ন পদ্ধতি নিয়ে চলা বিতর্কের মধ্যেই বিরোধীদের এই নতুন কর্মসূচি জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।







