লোকসভায় তৃণমূল কংগ্রেসের একাংশ সাংসদের দলত্যাগ ও নতুন রাজনৈতিক সমীকরণ ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI)-তে যোগ দিয়ে এনডিএ-র শরিক হওয়ার সিদ্ধান্তের পর বিদ্রোহী সাংসদদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের প্রধান মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ।
সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করে কুণাল ঘোষ দাবি করেন, বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার সুযোগ পাননি বলেই একটি অপেক্ষাকৃত অচেনা রাজনৈতিক দলের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাঁর কথায়, “বিজেপির বন্ধু হবো; কিন্তু বিজেপি তো দরজা খুলল না। মার্জ করার হলে সরাসরি বিজেপি না হয়ে এসব কী?” কুণালের অভিযোগ, বিজেপি এই সাংসদদের রাজনৈতিকভাবে ব্যবহার করলেও নিজেদের দলে জায়গা দিতে আগ্রহী নয়।
এখানেই থেমে থাকেননি তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে ‘বাঘিনীর ছাতা’ বলে উল্লেখ করে তিনি কটাক্ষ করেন, “বাঘিনীর ছাতার তলা থেকে বেরিয়ে আজ ব্যাঙের ছাতার তলায়।” তাঁর দাবি, বিজেপি-বিরোধী ভোটে নির্বাচিত হয়ে আজ এনডিএ-র শরিক হওয়া বাংলার ভোটারদের রায়ের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল।
কুণাল ঘোষ আরও প্রশ্ন তোলেন বিদ্রোহী সাংসদদের রাজনৈতিক নৈতিকতা নিয়েও। তিনি জানতে চান, যদি সত্যিই আদর্শগত অবস্থান বদল হয়ে থাকে, তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে নতুন রাজনৈতিক পরিচয়ে জনসমর্থনের পরীক্ষা দিতে আপত্তি কোথায়? “রাজ্যসভার ইস্তফা মডেলের দম হল না লোকসভায়?”— এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।
অন্যদিকে, বিদ্রোহী শিবির নিজেদের সিদ্ধান্তকে ‘বৃহত্তর জাতীয় রাজনীতির স্বার্থে ঐতিহাসিক পদক্ষেপ’ বলে দাবি করছে। তবে কুণাল ঘোষের ধারালো আক্রমণের পর এই দলবদল নিয়ে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হবে, তা বলাই যায়।







