রাজনীতি

নন্দীগ্রামে বড় চমক! প্রয়াত চন্দ্রনাথের মা-কে প্রার্থী করল বিজেপি, আজই শুভেন্দুর সঙ্গে মনোনয়ন

নন্দীগ্রাম উপনির্বাচনে শেষ মুহূর্তে বড় চমক বিজেপির। একাধিক নাম নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকেই প্রার্থী করল গেরুয়া শিবির। মঙ্গলবারই হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার কথা তাঁর। মনোনয়ন পর্বে হাসিরানির সঙ্গে থাকার কথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার সকালে রেয়াপাড়ার শিবমন্দিরে পুজো দেন হাসিরানি। পরে নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরেও যান তিনি। দল তাঁকে প্রার্থী করায় খুশি বলে জানান হাসিরানি। ছেলেকে হারানোর শোক এখনও কাটেনি, তার মধ্যেই এবার ভোটের ময়দানে নামছেন তিনি।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে বিজেপির প্রার্থী হিসেবে মেঘনাদ পাল, অঞ্জন পাল-সহ একাধিক নাম নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের নামেই সিলমোহর দিল দল। এর আগে হাসিরানিও জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী চাইলে তিনি নির্বাচনে লড়তে প্রস্তুত।

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ হলদিয়ার কদমতলায় সভা করার কথা শুভেন্দুর। এরপর হাসিরানি রথকে সঙ্গে নিয়ে প্রায় দু’কিলোমিটার পদযাত্রা করে হলদিয়া মহকুমাশাসকের দফতরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানেই মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী।

অন্যদিকে নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলের দুই শিবিরের প্রার্থী ঘোষণা নিয়েও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কালীঘাটের তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করেছে। এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলও নিজেদের প্রার্থী জানিয়েছে। তাঁদের তরফে নন্দীগ্রামে মহম্মদ এতেসামুল হক এবং রেজিনগরে সফিউজ্জামান শেখকে প্রার্থী করা হয়েছে।

ফলে প্রার্থী ঘোষণা থেকে মনোনয়ন—নন্দীগ্রাম উপনির্বাচনের ময়দানে এখন ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.