রাজ্যের পরিবহন মন্ত্রী থাকাকালীন তোলাবাজি, রফা করে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছেন, সেই সমস্ত তথ্য আছে। সময় মতো সব সামনে আনা হবে! নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বাঁকুড়া লোকসভার প্রার্থী অরূপ চক্রবর্তী।
সম্প্রতি তালডাংরার একটি জনসভা থেকে রাজ্যের দাপুটে নেতা শুভেন্দুকে আক্রমন শানালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তৃণমূল প্রার্থী নাম করে রাজ্যের বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূলে থেকে কোটি কোটি টাকা খেয়েছেন, আর এখন বিজেপিতে গিয়ে সাধু সাজছেন। তিনি কি করেছেন সব তথ্য আছে”।
এরপরই অপরদিকে শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন অরূপ চক্রবর্তী। শুভেন্দুর নাম না করে বলেন, “পরিবহন দফতরের মন্ত্রী থাকাকালীন কয়লা বোঝাই ট্রাক থেকে কীভাবে রফা করেছেন সেই তথ্য আছে।”







