নিজস্ব প্রতিবেদন | ৩ মে ২০২৫
দিঘায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করে তীব্র বিতর্কে জড়িয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই সফর ঘিরে দলের অন্দরে ক্ষোভ এতটাই তীব্র যে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন—দিলীপের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত, দলের অনুমোদন নেই। শুভেন্দু অধিকারীও জানিয়ে দিয়েছেন অসন্তোষ। প্রবীণ নেতা তথাগত রায় তো বলেছেন, দিলীপকে রাজ্য সভাপতি করাই ছিল দলের ‘বড় ভুল’।
এই অবস্থায় দিলীপ ঘোষ নিজেই সামনে এসে জবাব দিয়েছেন। তাঁর দাবি, “বাংলা বরাবরই সেকুলারদের জায়গা, এখানে হিন্দুত্বকে চাপা দেওয়া হয়। অথচ আজ তৃণমূলকেও মন্দির রাজনীতি করতে হচ্ছে। এটা বিজেপির আদর্শের জয় নয় তো কী?” মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দির যাত্রাকে তিনি ‘বিজেপির জয়’ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, “আমি সেই জয় ছিনিয়ে আনতেই গিয়েছিলাম। দূরে থাকলে চলত না।”
হিন্দুত্ব নিয়ে দলের মধ্যে মতবিরোধ থাকলেও দিলীপের অবস্থান স্পষ্ট—“আমি গর্বিত যে বিজেপি হিন্দুত্বের কথা বলে। ভারতবর্ষে থেকে হিন্দুত্বের কথা না বললে কোথায় বলব?”
তবে নিজের বিরুদ্ধে ওঠা ‘দলবিরোধী’ অভিযোগ মানতে নারাজ দিলীপ। বলেন, “আমি কখনও দলের নির্দেশের বাইরে যাইনি। কেউ ইচ্ছে করে বিভ্রান্তি ছড়ালে তার মোকাবিলা করতেই হবে।”
এই বিতর্কে স্পষ্ট, বাংলায় বিজেপির অন্দরে মতপার্থক্য প্রকট হচ্ছে। এখন দেখার, এই ‘জয়’ তত্ত্ব দিলীপ ঘোষকে আরও কোণঠাসা করে, না কি নতুন বিতর্কের সূত্রপাত ঘটায়।
আপনি কী ভাবছেন—দিলীপের এই অবস্থান দলকে উপকারে আনবে, না বিপাকে ফেলবে?







