রাজনীতি

বিদ্রোহী সাংসদদের রুখতে স্পিকারের দ্বারস্থ অভিষেক, ‘তৃণমূল অবিভাজ্য’, চিঠিতে কড়া বার্তা

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের জল্পনা ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। একাধিক সাংসদ দল ছেড়ে আলাদা গোষ্ঠী গঠনের উদ্যোগ নিচ্ছেন বলে খবর সামনে আসতেই এবার সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার হস্তক্ষেপ চাইল তৃণমূল নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস একটি অবিভাজ্য রাজনৈতিক দল এবং দলের অনুমতি ছাড়া কোনও ‘বিদ্রোহী গোষ্ঠী’কে স্বীকৃতি দেওয়া যাবে না।

শনিবার স্পিকারের বাসভবনে গিয়ে সেই চিঠি জমা দেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। চিঠিতে অভিষেক উল্লেখ করেন, ২০০৩ সালের ৯১তম সংবিধান সংশোধনের পর ‘দলভাগ’-এর ধারণার আর কোনও আইনি ভিত্তি নেই। ফলে কোনও সাংসদ দলবিরোধী কার্যকলাপে যুক্ত হলে তা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়বে।

সুপ্রিম কোর্টের ‘সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্রের রাজ্যপাল’ মামলার রায়ের উল্লেখ করে অভিষেক দাবি করেন, সংসদীয় দল নয়, রাজনৈতিক দলই প্রকৃত কর্তৃত্বের উৎস। সেই কারণে কয়েকজন সাংসদ নিজেদের মতো করে আলাদা নেতা বা হুইপ নির্বাচন করতে পারেন না। পাশাপাশি লোকসভার নির্দেশিকা অনুযায়ী নতুন কোনও গোষ্ঠীর স্বীকৃতির জন্য ন্যূনতম ৩০ জন সাংসদের সমর্থন প্রয়োজন বলেও চিঠিতে তুলে ধরা হয়েছে।

চিঠি জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাগরিকা ঘোষ বিদ্রোহী সাংসদদের তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ভোটে জেতার পর দল, প্রতীক ও নেতৃত্বকে অস্বীকার করা রাজনৈতিক নৈতিকতার পরিপন্থী। একই সুরে কীর্তি আজাদও বলেন, রাজনৈতিক দলের বিভাজনকে সুপ্রিম কোর্ট বেআইনি বলেই স্পষ্ট করেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের অন্দরে সম্ভাব্য ভাঙন রুখতেই এবার আইনি ও সাংবিধানিক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন নজর লোকসভার স্পিকার ওম বিড়লার পরবর্তী পদক্ষেপের দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.