মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী উত্তেজনার আবহে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। তাঁর এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনীতি থেকে শুরু করে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
ট্রাম্প লিখেছেন, “ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। সবাইকে অভিনন্দন।” একই সঙ্গে তিনি জানান, চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ফল হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আবার আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তেলবাহী জাহাজগুলির ওপর কোনও অতিরিক্ত টোল আরোপ করা হবে না বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি মার্কিন নৌ অবরোধও প্রত্যাহার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইরান-আমেরিকা সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে পথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে চাপ সৃষ্টি হয় এবং বহু দেশ জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগে পড়ে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই সম্ভাব্য শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, দীর্ঘ আলোচনার পর দুই দেশ সামরিক অভিযান বন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছে। আগামী ১৯ জুন সুইৎজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর হতে পারে বলেও জানা গিয়েছে।
তবে এখনও পর্যন্ত চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশ করা হয়নি। ফলে আন্তর্জাতিক মহলের নজর এখন আগামী শুক্রবারের সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানের দিকে। চুক্তি কার্যকর হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হতে পারে, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে ভারত-সহ একাধিক দেশের জ্বালানি অর্থনীতিতে।







