বিনোদন

প্রীতমের রহস্যময় পোস্টে জল্পনার ঝড়! বলিউডকে কি বিদায় জানাচ্ছেন জনপ্রিয় সুরকার?

অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় আগেই মন খারাপ হয়েছিল অসংখ্য সঙ্গীতপ্রেমীর। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন জনপ্রিয় সুরকার প্রীতম চক্রবর্তী। তাঁর সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। অনেকেরই প্রশ্ন, তবে কি বলিউডের ব্যস্ত জীবন থেকে এবার নিজেকে সরিয়ে নিতে চলেছেন প্রীতম?

১৪ জুন ছিল প্রীতম চক্রবর্তীর ৫৫তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছায় ভরে ওঠে তাঁর সোশ্যাল মিডিয়া। পরে নিজের কিছু সাদা-কালো ছবি পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ জানান তিনি। তবে সেই পোস্টে লেখা কয়েকটি লাইনই এখন আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে।

প্রীতম লেখেন, “এই জন্মদিনে আমি নিজেকেই কয়েকটা বছর উপহার দিতে চাই। জীবনকে এবার অন্যভাবে উপভোগ করতে চাই। এতদিন যেসব বিষয় সময়ের অভাবে অধরা থেকে গিয়েছে, সেগুলোর দিকে মন দিতে চাই।” তিনি আরও জানান, “অনেকদিন ধরে আটকে থাকা কিছু নতুন যাত্রা শুরু করার সময় এসেছে। মূলধারার এবং বলিউডের এই সফর নিঃসন্দেহে অসাধারণ ছিল। কিন্তু অচেনা পথের প্রতি আমার আকর্ষণ সবসময়ই বেশি। আপনাদের অফুরন্ত ভালোবাসার জন্য কৃতজ্ঞ।”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের একাংশ মনে করছেন, প্রীতম হয়তো দীর্ঘ বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন। কেউ কেউ আবার আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি হয়তো অবসরের কথাই ইঙ্গিত দিয়েছেন। যদিও পোস্টে কোথাও সরাসরি অবসরের কথা উল্লেখ করেননি সুরকার।

কমেন্টে এক ভক্ত লেখেন, “প্রথমে অরিজিৎ, এবার আপনি! আপনাদের ছাড়া বলিউডের গানের জগৎ কল্পনা করা কঠিন।” আরেকজনের মন্তব্য, “দয়া করে বলুন এটা অবসরের ঘোষণা নয়।”

‘সুবহানাল্লাহ’, ‘কেসরিয়া’, ‘শায়াদ’-এর মতো অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রীতম গত কয়েক বছরে বলিউডকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। বিশেষ করে প্রীতম-অরিজিৎ জুটির গান শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। তাই তাঁর এই পোস্ট স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এখন সকলের নজর একটাই প্রশ্নে—প্রীতমের আগামী পদক্ষেপ কী হতে চলেছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.