দ্বিতীয় বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রেখেছেন অভিনেত্রী সামান্তা রুথ প্রভু। তবে সম্প্রতি এক সিনেমার প্রচার অনুষ্ঠানে স্বামী রাজ নিদিমরু-র একটি মন্তব্য ঘিরে দক্ষিণী বিনোদন জগতে শুরু হয়েছে নতুন আলোচনা।
নতুন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারে একসঙ্গে হাজির হয়েছিলেন সামান্থা ও রাজ। ছবিটির প্রযোজকদের মধ্যে রয়েছেন রাজ নিজেও। অনুষ্ঠানে সামান্থার অভিনয় দক্ষতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করছিলেন তিনি। সেই সময় দর্শকদের একাংশ রাজকে অনুরোধ করেন, প্রকাশ্যে স্ত্রীকে ‘লাভ ইউ’ বলতে।
প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে সঞ্চালকের কাছ থেকে অনুরোধের কথা জানতে পারেন রাজ। কিন্তু প্রত্যাশিত প্রতিক্রিয়ার বদলে তিনি বলেন, “সামান্থাকে অনেকেই ‘লাভ ইউ’ বলেন। এখনও দর্শকদের মধ্য থেকেও সেই আওয়াজ আসছে। তাই এই কথাটার মধ্যে নতুনত্ব কোথায়?”
রাজের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। সামাজিক মাধ্যমে কেউ প্রশ্ন তুলেছেন, বিয়ের কয়েক মাসের মধ্যেই কি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে? আবার কারও মতে, বিষয়টি শুধুই রাজের ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে না আনার মানসিকতার প্রতিফলন।
পরবর্তীতে সামান্থার উদ্দেশে রাজ বলেন, “তোমার মতো একজন অসাধারণ অভিনেত্রীর সঙ্গে কাজ করা সত্যিই রোমাঞ্চকর। এই মুহূর্তে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবেই দেখছি এবং সেই ভাবেই মূল্যায়ন করছি।”
রাজের বক্তব্য থেকেই স্পষ্ট, ব্যক্তিগত সম্পর্কের আবেগকে প্রকাশ্য মঞ্চে তুলে ধরার পক্ষপাতী নন তিনি। ফলে তাঁর মন্তব্যকে ঘিরে যতই জল্পনা তৈরি হোক না কেন, দম্পতির সম্পর্ক নিয়ে কোনও নেতিবাচক ইঙ্গিত মেলেনি বলেই মনে করছেন অনেকে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে আধ্যাত্মিক পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা ও রাজ। বিয়ের পর থেকেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলতে দেখা গিয়েছে তাঁদের।







