কলকাতারাজনীতি

সল্টলেকে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলা, গ্রেফতার অভিযুক্ত যুবক

সল্টলেকের নিজের বাড়ির সামনে হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আচমকাই তাঁর উপর হামলা চালায়। মুখে ঘুষি মেরে তাঁকে রাস্তায় ফেলে দেয় বলে দাবি তৃণমূল সূত্রের। ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে ফেরেন জ্যোতিপ্রিয় মল্লিক। বাড়ির লাগোয়া অফিসে প্রবেশের সময় আচমকা এক যুবক এসে তাঁর মুখে ঘুষি মারেন। তাতেই রাস্তায় পড়ে যান প্রাক্তন মন্ত্রী। চিৎকার শুনে তাঁর সঙ্গে থাকা কর্মীরা ছুটে এসে ওই যুবককে আটকায় এবং বালুকে উদ্ধার করে ভিতরে নিয়ে যায়।

তৃণমূল সূত্রে খবর, অভিযুক্ত এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে, তাঁকে আটকাতে একাধিক কর্মীকেও বেগ পেতে হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অভিষেক দাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। বালুর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তিনি অভিযুক্তকে চেনেন না, কখনও দেখেওনি। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুপুর তিনটে থেকেই অভিযুক্ত বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। কিছুক্ষণের জন্য সরে গেলেও ফের ফিরে এসে হামলা চালান তিনি।

ঘটনার পর জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে সামান্য আঘাত লাগে, তবে তিনি এখন সুস্থ আছেন। হাসপাতালেও ভর্তি করার প্রয়োজন পড়েনি। সূত্রের খবর, হঠাৎ হামলার ঘটনায় মানসিকভাবে বেশ চমকে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী।

উল্লেখ্য, সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় নাম জড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের। ২০২৩ সালে তাঁকে গ্রেফতার করে ইডি। প্রায় ১৪ মাস জেলবন্দি থাকার পর চলতি বছরের ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্ত হন। গ্রেফতারের পরেও কিছুদিন মন্ত্রিত্বে থাকলেও পরে তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অভিষেক দাসকে জিজ্ঞাসাবাদ করে হামলার প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা চলছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সল্টলেক এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.