রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বর্তমানে বিরোধী শিবির কার্যত দু’ভাগে বিভক্ত। তৃণমূলের একাংশের বিধায়ক বিরোধী দলের স্বীকৃতি না পেলেও, অন্য একটি অংশ বিরোধী বেঞ্চে বসার সুযোগ পেয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। আর প্রথম দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কক্ষে হাজির হতে দেখা যায় তৃণমূলের পাঁচ বিধায়ককে, যাঁদের অধিকাংশকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই মনে করা হয়।
রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব এবং রহিম বক্সী। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করতেই তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।
কয়েকদিন আগে বেলেঘাটার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার গ্রেফতার হওয়ার পর কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠিয়ে অভিযোগ করেছিলেন যে, বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা-কর্মীরা অযথা হয়রানির শিকার হচ্ছেন। প্রকৃত অপরাধের ক্ষেত্রে আইন তার কাজ করুক, তবে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের অভিযোগ উঠছে বলেও তিনি দাবি করেন। এর জবাবে মুখ্যমন্ত্রী জানান, এমন বিষয় বার্তার মাধ্যমে নয়, সামনাসামনি আলোচনা করাই শ্রেয়। অধিবেশন চলাকালীন সেই সুযোগ হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
এরপর বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের ঘটনায় কুণাল ঘোষ ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি অনুরোধ জানান, মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের পুনর্বহাল করার বিষয়টি যেন বিবেচনা করা হয়। প্রশাসনিক সিদ্ধান্ত যাই হোক না কেন, সৌজন্যের খাতিরে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করেন তিনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলায় বৈঠকে এই প্রসঙ্গও উঠে আসে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।







