কলকাতা

ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের ঘনিষ্ঠ সুমিত রায়, শুক্রবার হতে পারে আগাম জামিনের শুনানি

জমি দুর্নীতি ও নির্বাচনে প্রার্থী পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়। গ্রেপ্তারের আশঙ্কায় ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সূত্রের খবর, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তাঁর আগাম জামিনের আবেদন নিয়ে শুক্রবার শুনানি হতে পারে।

এর আগেও দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। তবে সেই আবেদন গ্রহণ করা হয়নি। এবার দ্বিতীয়বার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন সুমিতের আইনজীবী। বিচারপতির মৌখিক পর্যবেক্ষণ অনুযায়ী, শুক্রবার মামলাটি শুনানির তালিকায় আসতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সুমিত রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই লুক আউট নোটিস এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মেদিনীপুর জেলার শালবনি থানার তদন্তকারীরা তাঁর খোঁজে তল্লাশি শুরু করতেই তিনি কার্যত অন্তর্ধান করেন বলে অভিযোগ। এরপর আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।

তদন্তকারী সংস্থার দাবি, নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। পাশাপাশি শালবনির একটি জমি সংক্রান্ত দুর্নীতির মামলাতেও তাঁর নাম উঠে এসেছে। এই অভিযোগগুলির সূত্র ধরেই তদন্তের জাল বিস্তার করেছে পুলিশ।

জেলবন্দি প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তারের পর তদন্তে সুমিত রায়ের নাম সামনে আসে। এরপর থেকেই তাঁকে খুঁজতে তৎপর হয় পুলিশ। এমনকি মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনেও পৌঁছেছিলেন বলে পুলিশ সূত্রে দাবি। তবে সেখানে তল্লাশি চালিয়েও সুমিতের খোঁজ মেলেনি।

এই পরিস্থিতিতে শুক্রবারের সম্ভাব্য শুনানির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে তদন্তকারী সংস্থা—সবারই। আদালত কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.