কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য, যিনি আরজি করে শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হার্ট রেট কমানোর ওষুধের মাত্রাতিরিক্ত সেবনের কারণে তাঁর শরীরে বিষক্রিয়া তৈরি হয় এবং তাতেই তাঁর মৃত্যু ঘটে।
জানা যাচ্ছে, মৃত চিকিৎসক শুভজিৎ আচার্য উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশুর কুঞ্জের বাসিন্দা ছিলেন। রবিবার রাতেই তাঁকে অসুস্থ অবস্থায় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তিনি নিয়মিত হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন। কিন্তু ওষুধের অতিরিক্ত মাত্রার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। মৃত চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, মাত্র দু’দিন আগেই কলকাতার দমদমের বাসিন্দা এক তরুণী চিকিৎসকের ‘রহস্যমৃত্যু’তে চাঞ্চল্য ছড়িয়েছিল। তিনি ছিলেন কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত শালিনী দাস। হাসপাতাল থেকে ফেরার পর ভাড়াবাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। প্রথম দিকে এই মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠলেও, পরে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয় যে শালিনী দাস সম্ভবত হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান। চিকিৎসকরা নিশ্চিত করেন, পোস্টমর্টেমে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি, এবং শালিনী আগে থেকেই অসুস্থ ছিলেন ও হাইপারটেনশনের ওষুধ চলছিল। তবে হাতে ক্যানুলা করা অবস্থায় পুশ করা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ভিসেরা পরীক্ষাও করা হচ্ছে। এই স্যাম্পেল স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে এবং রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পরপর দুই চিকিৎসকের রহস্যমৃত্যু স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে।







