লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-র ৫৬তম জন্মদিন উদ্যাপন ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। উত্তরপ্রদেশের বারাণসীতে কংগ্রেস কর্মীরা তাঁকে ভগবান পরশুরামের প্রতীকী রূপে তুলে ধরে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করেন। এক হাতে কুঠার এবং অন্য হাতে সংবিধানের প্রতিলিপি-সহ একটি বিশাল প্রতিকৃতি গঙ্গার মাঝনদীতে নিয়ে গিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা করা হয়।
কংগ্রেসের স্থানীয় নেতাদের দাবি, অন্যায়, দুর্নীতি এবং সংবিধানবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবেই রাহুল গান্ধীকে পরশুরামের রূপে উপস্থাপন করা হয়েছে। তাঁদের বক্তব্য, এটি রাজনৈতিক বার্তা দেওয়ার একটি প্রতীকী কর্মসূচি মাত্র।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনায় সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ধর্মীয় ভাবাবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং হিন্দুদের বিশ্বাসকে আঘাত করা হয়েছে। বিজেপি নেতাদের মতে, কোনও রাজনৈতিক নেতাকে বিষ্ণুর অবতার পরশুরামের সঙ্গে তুলনা করা ধর্মীয় ঐতিহ্যের অবমাননা।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-সহ একাধিক বিজেপি নেতা এই ঘটনার সমালোচনা করেছেন। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা-র দাবি, কংগ্রেস নেতৃত্বের কাছে গান্ধী পরিবারই সর্বোচ্চ, আর সেই কারণেই ধর্মীয় প্রতীকের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বকে মেলানোর চেষ্টা করা হচ্ছে।
জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের নানা কর্মসূচি পালিত হলেও, বারাণসীর এই অনুষ্ঠানই এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রতীকী রাজনীতির এই নতুন অধ্যায় আগামী দিনে আরও বিতর্কের জন্ম দিতে পারে।






