ঋতুস্রাবের সময় তলপেটের ব্যথা, কোমরে টান, অবসাদ কিংবা মেজাজের ওঠানামা— এই সমস্যাগুলি বহু মহিলার নিত্যসঙ্গী। তবে বিশেষজ্ঞদের মতে, এই সময় সম্পূর্ণ বিশ্রামে থাকার পরিবর্তে হালকা যোগব্যায়াম শরীর ও মনকে অনেকটাই স্বস্তি দিতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত যোগাভ্যাস ঋতুকালীন ব্যথা ও অস্বস্তি কমাতে কার্যকর ভূমিকা পালন করে।
চিকিৎসক ও যোগ বিশেষজ্ঞদের পরামর্শ, পিরিয়ডসের সময় শরীরের উপর অতিরিক্ত চাপ না দিয়ে হালকা ও আরামদায়ক আসন করা উচিত। যোগব্যায়ামের ফলে শরীরে এন্ডোরফিন নামক প্রাকৃতিক ব্যথানাশক হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়, যা ক্র্যাম্প, কোমর ব্যথা এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। একই সঙ্গে রক্ত সঞ্চালনও উন্নত হয়।
বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ যোগাসন এই সময়ে আরাম দিতে পারে—
• বালাসন (Child’s Pose): কোমর ও নিতম্বের পেশি শিথিল করে তলপেটের ব্যথা কমাতে সাহায্য করে।• মার্জারিয়াসন-বিটিলাসন (Cat-Cow Pose): মেরুদণ্ড ও কোমরের জড়তা দূর করে এবং পেলভিক অঞ্চলে স্বস্তি দেয়।• ভুজঙ্গাসন (Cobra Pose): পিঠের পেশি মজবুত করার পাশাপাশি পেলভিক অঞ্চলে রক্ত চলাচল বাড়ায়।
শুধু যোগব্যায়ামই নয়, আদা, ক্যামোমাইল বা পেপারমিন্ট চায়ের মতো ভেষজ পানীয়ও ঋতুস্রাবের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। এছাড়া তলপেটে গরম সেঁক দিলে পেশি শিথিল হয় এবং ব্যথা অনেকটাই কমে যায়।
তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি ব্যথা অত্যন্ত তীব্র হয় বা নিয়মিত দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ অনেক ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস বা অন্য কোনও শারীরিক সমস্যার কারণেও অতিরিক্ত ব্যথা হতে পারে।







